টুডে পোস্ট ২৪ ডটকম: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ থেকে বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি করবে। সম্পূর্ণ অনলাইনে বিক্রি করা হবে এ টিকেট।
মঙ্গলবার (১৫ জুলাই) থেকে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে কিনতে পারবেন দর্শকেরা।
এর আগে, বিসিবি পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, এবার মাঠে প্রবেশের জন্য প্রিন্টেড কপি সঙ্গে আনতে হবে না মোবাইলে ই-টিকিট দেখালেই ঢোকা যাবে।
তিনি আরও জানান, টিকিট বিক্রির পুরো প্রক্রিয়া এবার থেকে অনলাইনভিত্তিক, ব্যাংক থেকে সরাসরি বিক্রির ব্যবস্থা রাখা হয়নি।

মধুমতি ব্যাংক পিএলসির সঙ্গে বিসিবির তিন বছরের চুক্তি থাকলেও, এবারের সিরিজে ব্যাংকের কোনো ব্রাঞ্চ থেকে টিকিট বিক্রি হবে না। অতীতের কিছু বিড়ম্বনামূলক অভিজ্ঞতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
তবে ম্যাচের দিন যদি কোনো টিকিট অবিক্রিত থাকে, সেগুলো স্টেডিয়ামের বাইরে নির্ধারিত বুথে পাওয়া যেতে পারে। এ সংক্রান্ত তথ্য পরে বিসিবির ডিজিটাল মাধ্যমে জানানো হবে।
একনজরে দেখে নিন টিকিটের দাম কোনটা কতো টাকা-
ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকা।
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দার্ন গ্যালারি: ৪০০ টাকা।
ক্লাব হাউজ: ৮০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারি: ১,৫০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ড: ২,৫০০ টাকা।
ইন্টারন্যাশনাল লাউঞ্জ: ৩,৫০০ টাকা।
টিকেট কিনবেন যেখান থেকে www.gobcbticket.com.bd


