টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইলে একটি নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর করে নির্মাণ সামগ্রী লুটপাট এবং জমির প্রকৃত মালিক আওলাদ হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আওলাদ হোসেন বুধবার (১৬ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে তিনি জানান, তাঁদের দাদা ১৯২১ সালের দলিল নং ৩৩৯ অনুযায়ী গোদনাইল মৌজার মোট ১৫৮ শতাংশ জমির এজমালি মালিক ছিলেন। এর মধ্যে ৮৮ শতাংশ জমি রেলওয়ে অধিগ্রহণ করে নেয়, তবে বাকি ২০.৫০ শতাংশ জমি পরিবারিকভাবে পূর্বমুখী অংশে তাঁরা ভোগদখলে রেখেছেন। পাশের ২১.৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছেন অভিযুক্তরা।
অভিযুক্তরা হলেন—আব্দুল করিম (৫২), জসিম উদ্দিন বাদল (৬২), ও সালাউদ্দিন (৪৫)। তিনজনই গোদনাইল এলাকার বাসিন্দা।
আওলাদ হোসেন জানান, “রেলওয়ের পরিত্যক্ত জমিতে নিয়মিত আবেদন করে আমি ব্যবহার করে আসছি। জানুয়ারি মাসে বালু ফেলে ভরাট করার সময় অভিযুক্তরা বাধা দেয় এবং পরিবারের সদস্যদের হুমকি দিতে শুরু করে। ১ জুন আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ১৫ জুন দিবাগত রাতে ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি আমাদের নির্মাণাধীন স্থাপনা ভেঙে সিমেন্ট, রড়সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়।”
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) ওমর ফারুক বলেন,“অভিযোগটি আমরা পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


