টুডে পোস্ট ২৪ ডটকম: জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জের সাংবাদিকরা।
রবিবার (১৮ মে) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধনে অংশ নেন জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মিডিয়ার সংবাদকর্মীরা।
মানববন্ধনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন বলেন, “প্রশাসনে যারা আছেন তারা ভাল করেই জানেন, এক-এগারোর সময় যখন সবাই চুপ ছিল, তখন সাংবাদিকরা কথা বলেছে। জুলাই আন্দোলনের সময় যখন গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা হয়েছে, তখনও সাংবাদিকরাই দাঁড়িয়েছে। আজ আবারও সেই চেষ্টা হচ্ছে। সাংবাদিকদের মধ্যে বিভাজন থাকায় আমরা আরও বেশি নিগৃহীত হচ্ছি।”
তিনি আরও বলেন, “সাংবাদিকদের যারা প্রতিপক্ষ বানাতে চান, তারা ভুল করছেন। আমরা চাই না সাংবাদিকরা রাস্তায় নামুক, কিন্তু বাধ্য হলে রাস্তাও হবে প্রতিবাদের জায়গা।”
মানববন্ধনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, “আজ নয় মাস পেরিয়ে গেছে। এটাই কি সেই পরিবর্তনের চেহারা যা আমরা জুলাই বিপ্লবে চেয়েছিলাম? বিএনপি দেশে সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল—এটা মানি আর না মানি, ভোট হলে তারা ক্ষমতায় যাবে। কিন্তু এখনই যদি কেউ ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জাগে।”
তিনি আরও বলেন, “২০০১ সালের পর বিএনপি সরকার যেভাবে অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিল, সেটিও ইতিহাস। অপরাধ করলে ব্যবস্থা নেয়া হয়েছিল। আর আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি অপরাধীদেরই প্রমোশন দেয়া হয়েছে।”
এ সময় তিনি সাংবাদিক জিসানের মুক্তির পাশাপাশি বিএনপি নেতাদের উদ্দেশে সতর্ক বার্তা দেন যেন ভবিষ্যতেও গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ না হয়।
প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম বলেন, “জিসান শুধু একজন সাংবাদিকই নয়, তিনি জুলাই আন্দোলনেরও সক্রিয় কর্মী ছিলেন। আমরা তার মুক্তি ও মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের প্রতিনিধিরা।


