টুডে পোস্ট ২৪ ডটকম: দীর্ঘ ৯ মাস পর নাগরিক সেবায় নতুন আশার আলো হয়ে ফিরলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ রবিবার (৪ মে) নবনির্মিত ও আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অফিসটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উপস্থিতিতে ফিতা কেটে উদ্বোধন করা হয় সেবাকেন্দ্রটির কার্যক্রম।
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. জামাল হোসেন এবং গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে পাসপোর্ট অফিসটি সম্পূর্ণ পুড়ে যায়। সেই ঘটনায় প্রায় ৮ হাজার প্রস্তুত পাসপোর্ট, আসবাব, প্রযুক্তি সরঞ্জামসহ পুরো ভবন ধ্বংস হয়ে যায়। এর ফলে নাগরিকদের কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ অফিসে সেবা নিতে বাধ্য করা হয়, যা তাদের জন্য ছিল কষ্টকর ও সময়সাপেক্ষ।
নবনির্মিত ভবনটি আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও সুরক্ষিত। চালু হওয়া অফিসটি এখন থেকে জেলার পাঁচটি উপজেলার মানুষের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেবে। আধুনিক ডিজিটাল অবকাঠামোর মাধ্যমে আবেদন থেকে ডেলিভারি—সবকিছুতেই স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক বলেন, “এই অফিসে কোনো দালালের স্থান নেই। কোনো অনিয়ম সহ্য করা হবে না। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপপরিচালক মো. জামাল হোসেন জানান, “আমরা ৭ হাজারের বেশি পাসপোর্ট ইতিমধ্যে ডেলিভারি দিয়েছি। যারা এখনো নেননি, তারা এখান থেকেই নিতে পারবেন। নতুন আবেদনকারীদের ভোটার আইডি এবং ঠিকানাসংবলিত জন্মসনদ দিয়েই অনলাইনে আবেদন করতে আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমরা দালালমুক্ত ও গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।”
জনসাধারণ বলছে, দীর্ঘদিন পর নিজ এলাকায় এই গুরুত্বপূর্ণ সেবা ফিরে পেয়ে স্থানীয়রা খুশি। তারা আশা করছেন, এখন থেকে সময়, ভোগান্তি ও অর্থ—সবকিছুই সাশ্রয় হবে।


