টুডে পোস্ট ২৪ ডটকম: ‘কোনও মাত্রাই নিরাপদ নয়, সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’ — এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ইয়ুথ লীড গ্লোবাল, ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথভাবে ইউনিসেফের সহায়তায় নারায়ণগঞ্জে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
রবিবার সকালে ধনকুন্ডা পপুলার হাই স্কুলের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। র্যালিতে অংশ নেন ৪০ জনেরও বেশি প্রতিনিধি — যার মধ্যে ছিলেন ইয়ুথ লীড, ইয়ুথনেট, পিওর আর্থ ও ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় বিভিন্ন সংগঠনের সদস্যরা।
অংশগ্রহণকারীদের হাতে ছিল সিসা দূষণবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড। তারা “সিসা দূষণ বন্ধ হলে, বাড়বে শিশু বুদ্ধি-বলে”—সহ বিভিন্ন স্লোগানে সচেতনতা ছড়িয়ে দেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে উচ্চ মাত্রার সিসা রয়েছে, যা বুদ্ধিমত্তা হ্রাস, আচরণগত সমস্যা এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া, প্রাপ্তবয়স্কদের হৃদরোগ ও গর্ভবতী নারীদের জটিলতা বৃদ্ধির জন্যও সিসা দায়ী।
পিওর আর্থ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাশ বলেন, “অবৈধ সিসা-অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিং, সিসাযুক্ত রং ও ভোগ্যপণ্যের ব্যবহার বন্ধে কঠোর আইন প্রয়োগ ও সচেতনতা জরুরি।”
ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, “যুব সমাজের সক্রিয় অংশগ্রহণে সিসা দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।”
কর্মসূচির সভাপতি ও ইয়ুথ লীড গ্লোবালের প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম ইফতি প্রশাসনের প্রতি অবৈধ সিসা কারখানা বন্ধে অভিযান চালানোর আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনকুন্ডা পপুলার হাই স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের সিসা দূষণ প্রতিরোধে সচেতন ভূমিকা রাখতে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি গাজী রাকিবুল ইসলাম হিমেল, দৈনিক বজ্রধ্বনি প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি, ইয়ুথ লীড গ্লোবালের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা।
শেষে অংশগ্রহণকারীরা ১০ দফা দাবিনামা উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে সিসাকে “বিষাক্ত রাসায়নিক” হিসেবে ঘোষণা, জাতীয় পর্যায়ে রক্তে সিসার মাত্রা যাচাই, এবং ভোগ্যপণ্যে সিসার ব্যবহার বন্ধের দাবি।


