স্টাফ রিপোর্টার: ব্যবসায়ীদের সাথে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে সম্মিলিত নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজের ব্যানারে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মডেল গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজ সেবক মাসুদুজ্জামান মাসুদ।
এসময় তিনি বলেন, বিএনপি অনেক বড় দল। দলের অনেকেই মনোনয়ন চাইতেই পারে, সবাই যোগ্য। কিন্তু আমাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ কাম্য নয়, কিছু ভুল বোঝাবুঝি আছে। তা অচিরেই ঠিক হয়ে যাবে। আমি আপনাদেরই সন্তান। আপনাদের ভালোবাসা, আদর স্নেহ না পেলে হয়তো এ পর্যন্ত আমি আসতে পারতাম না। নারায়ণগঞ্জের ভালো চাই বলেই বিগত সময়ে মানুষের বিপদে আপদে ছিলাম।
মাসুদুজ্জামান মাসুদ আরো বলেন, আমরা এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আসুন সবাই মিলে এমন একটা দেশ গড়ি, যে দেশ সকলের স্বপ্ন। তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে আগামীতে উন্নত বাংলাদেশ গড়া হবে। আমি এমপি হই, আর না হই। নতুন নারায়ণগঞ্জ গড়তে চাই। ব্যবসায়ীদের জন্য কাজ করতে চাই। ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়া আর কোনভাবেই চলবে না।
এসময় উপস্থিত ব্যবসায়ীরা একনিষ্ঠ, ন্যায়পরায়ণ ও সমাজসেবী একজন ব্যক্তি হিসেবে মাসুদুজ্জামান মাসুদকে সমর্থন জানান।
বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু’র সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবুর খান সেন্টু’র সঞ্চালনায় এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি এম সোলাইমান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা রাসেল, জেলা বিএনপির সাবেক আহবায়ক মনিরুল ইসলাম রবি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন সহ-সভাপতি মাহফুজুর রহমান খান মাহফুজ, বিকেএমইএর সাবেক পরিচালক জিএম হায়দার বাবুল, বিকেএমইএ এর সাবেক সহ-সভাপতি জাহিদুল হক দিপু, চেম্বার অর্ব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এর সভাপতি ভাবানী শংকর রায় ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন এর পরিচালক দুলাল মল্লিক সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।


