স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা আবু জাফর আহমেদ বাবুল।
শনিবার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, ডন চেম্বার, মিশনপাড়া, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, হাজীগঞ্জ ও আমলাপাড়া সহ বিভিন্ন এলাকায় মশা নিধনে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। জনসাধারণের জন্য ধাপে ধাপে শহরের অন্যান্য এলাকায় এ কার্যক্রম করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল।
তিনি বলেন, দিন দিন মশার উপদ্রপ বাড়ছে ও পরিবেশ দূষিত হচ্ছে। মশা নিধনে বছরব্যাপী কার্যকর কোনো উদ্যোগ না থাকা, অকার্যকর ওষুধ ব্যবহার, পর্যাপ্ত জনবল না থাকা, জনসচেতনতা বাড়াতে উদ্যোগ না নেওয়াসহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জে মশার উৎপাত বেড়েছে আশঙ্কাজনক হারে। মশাবাহিত রোগে আক্রান্ত রোগী এখন পাওয়া যাচ্ছে ঘরে ঘরে।
আবু জাফর আহমেদ বাবুল আরও বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধনের লক্ষ্যে নারায়ণগঞ্জে আমরা এ কার্যক্রম চালু করেছি, যা চলমান থাকবে। চিকুনগুনিয়ার প্রভাব এই বর্ষা মৌসুমে ডেঙ্গুর তুলনায় বেশি। এজন্য আমরা প্রতিটি হটস্পট এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছি। সবার সম্মিলিত উদ্যোগ ও সচেতনতাই পারে মশা ও ডেঙ্গু থেকে রক্ষা করতে। যতদিন পর্যন্ত এ সমস্যা শেষ না হবে মশা নিধন কার্যক্রম ততদিন অবধি চলমান থাকবে।


