টুডে পোস্ট ২৪ ডটকম: বগুড়া জেলার শেরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে আয়োজিত এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এসময় প্রধান অতিথি শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সক্রিয় কমিটি গঠন এখন সময়ের দাবি।
উক্ত সমাবেশে বিশেষ অতিথি বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। মহিলা দলকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় করতে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।
প্রধান বক্তা বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার বলেন, বিএনপির নারী কর্মীরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে সাহসিকতার সাথে কাজ করছে। আগামী দিনে তারাই পরিবর্তনের মূল শক্তি।
কর্মী সমাবেশকে ঘিরে শেরপুরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। রাজনৈতিক মহল মনে করছে, এ সমাবেশের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে শেরপুর উপজেলা ও পৌর মহিলা দল নতুন উদ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করবে।
সমাবেশে শেরপুর উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার পুঁটির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরি, শেরপুর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরো, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মমিন, শেরপুর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা মহিলা দল সাধারণ সম্পাদক আফরোজা বেগম ডিনা, শেরপুর পৌর মহিলা দল সভাপতি শাহনাজ পারভিন, সাধারণ সম্পাদক শেফালী ঘোষ।


