স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০শে জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৩নং ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, বিএনপি নেতা, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।
এসময় আবু জাফর আহমেদ বাবুল বলেন, জিয়াউর রহমানের ছবির প্রতি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করে তারা কু-রুচির পরিচয় দিয়েছে। এটা একটি নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। বিএনপি’র অর্জনকে ম্লান করার জন্য কয়েকটি গোষ্ঠী নানাভাবে চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
আবু জাফর আহমেদ বাবুল আরও বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে সদস্য নবায়ন। বিএনপির প্রতিটি ইউনিটকে শক্তিশালী করতে হবে, তাহলেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম সফল হবে। এই সদস্য নবায়নের মাধ্যমে যারা পরিচ্ছন্ন, যারা যোগ্য এবং যারা ভালো মানুষ আমরা সেই লোকগুলোকে বাছাই করে নিয়ে আসতে পারবো।
কারণ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যৎতে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন, নিরপেক্ষ ও সুষ্ঠু ধারার রাজনীতির পরিবেশ তিনি তৈরি করতে চান। আমরা দেখতে পাচ্ছি, নানাভাবে আওয়ামী ফ্যাসিবাদী কীটপতঙ্গ বিএনপিতে ঢুকতে চেষ্টা করছে। এই কীটপতঙ্গরা যেন দলে ঢুকতে না পারে এ ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা চলছে। আমরা যেন আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, সেজন্য এই নবায়ন কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, আহবায়ক কমিটির সদস্য এড. বিল্লাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী ও মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।


