টুডে পোস্ট ২৪ ডটকম: নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও বর্ণিল সাজে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে মঙ্গলযাত্রার মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিংক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা আয়োজন।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিন স্তরের কঠোর নিরাপত্তাবেষ্টনীতে নারায়ণগঞ্জে এবারের ১লা বৈশাখ উদযাপন করা হচ্ছে।
মঙ্গল শোভাযাত্রায় গ্রামবাংলার ঐতিহ্য বহনকারী সাজসজ্জা ও প্ল্যাকার্ড নিয়ে মানুষ অংশগ্রহণ করেন। পালকি, ঘোড়ার গাড়ি, হাতি, কৃষকের সাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষের অংশগ্রহণে বৈচিত্র্য এসেছে এই মিছিলে।
এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণগঞ্জ আর্ট কলেজসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান, নারায়ণগঞ্জে এবারের নববর্ষ সবচেয়ে ব্যতিক্রমী ও সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে। নানা আয়োজনে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠেছে আনন্দময়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পালনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


