স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) সকালে পুলিশ লাইন্সে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৭টায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নেতৃত্বে জেলার বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
সভায় মে মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন সোনারগাঁও থানার এসআই শিকদার হারুন রশিদ এবং শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফতুল্লা থানার এএসআই আব্দুল হামিদ খান। এছাড়া মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা কার্যক্রম এবং ক্লু-লেস মামলা উদ্ঘাটনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন কর্মকর্তা ও সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
দুপুর ১২টায় অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় গত মে মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্ত কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মে মাসের অপরাধ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ ছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার বলেন, জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


