স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ফতুল্লা মডেল থানা পুলিশ পৃথক দুটি অভিযানে মোট ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (৭ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে এসআই হাসান মাতুব্বরের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি আভিযানিক দল কড়ইতলা ভূইগড় এলাকার বায়তুল জালাল মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মো. ইসমাইল খন্দকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক ওজন ২ গ্রাম, জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা পাওয়া গেছে।
অপরদিকে, ৬ জুন রাত ৯টা ২০ মিনিটে এসআই নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার আরেকটি আভিযানিক দল উত্তর চাষাড়া চাঁনমারী এলাকায় একটি বিশেষ অভিযানে অংশ নেয়। অভিযানে একটি ভবনের ছাদের টিনশেড কক্ষ থেকে মো. বিজয় (২১), মো. আকাশ হোসেন ফারহান (২১), মো. হানিফ (২১), মো. মধু (২৫) এবং মো. আল-আমিন (২৫) নামে ৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক ওজন ২.১ গ্রাম, উদ্ধার করা হয়। পিসিপিআর যাচাইয়ে তাদের বিরুদ্ধে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম জানান, গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


